হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সিটি ব্যাংকের সহায়তা

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সিটি ব্যাংকের সহায়তা

সারাদেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি চিকিৎসাসেবা আরও শক্তিশালী করতে এগিয়ে এসেছে সিটি ব্যাংক পিএলসি। দেশের দুটি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালে সংকটাপন্ন শিশুদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল সরঞ্জাম সরবরাহ করেছে ব্যাংকটি। মূলত হামে আক্রান্ত শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালগুলোর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোই এই বিশেষ উদ্যোগের লক্ষ্য।

এই সহায়তা কার্যক্রমের আওতায় রাজধানীর ‘বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট’-এর হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটেও (পিআইসিইউ) চিকিৎসকদের সহায়তায় জীবনরক্ষাকারী উন্নত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এর ফলে উভয় হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন শিশুরা এখন থেকে আরও মানসম্মত ও আধুনিক নিবিড় সেবা লাভের সুযোগ পাবে।

সিটি ব্যাংক এর আগেও বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট-এ এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনে সহায়তা করেছিল। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসব উদ্যোগ অন্তর্ভূক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইং-এর নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

আরও পড়ুন