হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে সাত বছর আগে হেরোইন উদ্ধারের মামলায় ইমরান ও রবিন নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সানজিদা নামে এক নারীকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম (কাইয়ুম) জানান, দণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাদের তিন মাস সশ্রম কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০ টার দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পারে যে, দয়াগঞ্জে হেরোইন বিক্রি হচ্ছে। সেখানে অভিযানে ইমরান ও রবিনকে আটক করা হয়, তবে বেবি ও সানজিদা পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে।

ওইদিনই যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জনি মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও সানজিদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মুকিত হাসান। তবে বেবির বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মামলাটি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। ২০১৯ সালের ২৭ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আরও পড়ুন