রাজধানীর কারওয়ান বাজার অংশের মেট্রোরেলে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু হওয়ার খবর আসে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১২টা ৫০ মিনিটে জানা যায় যে, গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে বেলুনটি হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে অপসারণ করে। এরপর দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।
