গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওপার বাংলার পরিচালক উৎসব মুখার্জি। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী মৌপিয়া ব্যানার্জি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালক নিখোঁজ হওয়ার পরপরই মৌপিয়া পুলিশের দ্বারস্থ হন। তিনি ইন্ডাস্ট্রিজের টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও দেখা করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন মৌপিয়া।
মৌপিয়া জানান, লোকসভা নির্বাচনের ব্যস্ততার কারণে পুলিশের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন না। তিনি বলেন, প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু সবাই ভোটের কাজে ব্যস্ত। যত দিন যাচ্ছে, আমি ততই হতাশ হয়ে পড়ছি। পুলিশের পক্ষ থেকে শুধু ‘দেখছি’ বলা হচ্ছে।
২১ দিন আগে কলকাতার নিমতা এলাকার একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন উৎসব মুখার্জি। ব্যাংক থেকে ফোনে কয়েকবার স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ তার ফোনটি বন্ধ হয়ে যায়। রাতেও বাড়িতে ফিরে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন মৌপিয়া এবং ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ সংবাদ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।
মৌপিয়া স্বামীর নিখোঁজ হওয়ার পেছনে উৎসবের মানসিক অবস্থাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন। তিনি জানান, গত মে মাসে উৎসবের মা এবং এর কিছুদিন পরই তার বাবা মারা যান। মা-বাবার এই আকস্মিক মৃত্যু উৎসব মেনে নিতে পারেননি। এছাড়া একবার বড় ধরনের সাইবার প্রতারণার শিকার হওয়ার পর থেকে সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় ছিলেন।
বর্তমানে কোনো ক্লু না পাওয়ায় মৌপিয়া মানসিক যন্ত্রণায় ভুগছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব তাকে হতাশ করছে। একই সঙ্গে এই পরিচালকের দীর্ঘ সময় নিখোঁজ থাকার বিষয়টি কলকাতার চলচ্চিত্র পাড়ায় উদ্বেগের সৃষ্টি করেছে।
