ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি বলেন, সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, ঢাকার আগারগাঁও থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। আর গত ৮ জুন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। সেটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
