ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। অভিযোগটি পুনের শিভাজি নগর পুলিশ স্টেশনে আইনজীবী ওয়াজিদ খান জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে ‘অশোভন আচরণ’ করেছেন। আইনজীবীর দাবি, এ ধরনের আচরণ দেশের আইন লঙ্ঘন এবং জাতীয় পতাকার মর্যাদার অবমাননা।
পুলিশ জানিয়েছে, আপাতত অভিযোগপত্রটি জমা পড়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, মাঠে পান্ডিয়ার পারফরম্যান্স ছিল অসাধারণ। পুরো টুর্নামেন্টে তিনি ব্যাট-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবারের বিশ্বকাপে দুটি অর্ধশতক করার পাশাপাশি ৯টি উইকেট নেন।
শিরোপা নির্ধারণী ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। ম্যাচের শুরুতে ভারত ২০ ওভারে ২৫৫ রান করে এবং নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হয়। বিশ্বকাপ জয়ের পর পান্ডিয়া বলেন, দেশের জন্য ট্রফি জেতাই তার প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও ভারতের হয়ে আরও শিরোপা জিততে চান তিনি।
