ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাকের বসরা উপকূলের কাছে মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ট্যাঙ্কারের ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় ভারতীয় এক ক্রু নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস ওই ক্রু সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস বলেছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ নামের ওই ট্যাঙ্কারে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী, যাতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে নিখোঁজ তিন নাবিকের মধ্যে ভারতের নাগরিক ছিল।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে এবং ১৩টির বেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়।

আরও পড়ুন