সংসদ সদস্যরা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন: আসিফ

সংসদ সদস্যরা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে তিনি রাষ্ট্রপতির অভিশংসন দাবি করেন এবং সংসদ সদস্যদের এই দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আসিফ বলেন, ‘এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা একদফা দাবিতে বলেছিলাম যে, শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।’ আসিফ জানান, ৫ আগস্টের পর থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে উঠেছে।

তিনি বলেন, ‘এখন তো কোনো সাংবিধানিক সংকটের পরিস্থিতি নাই। সংসদ আইনগতভাবে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে।’ আসিফ জানান, এনসিপি নেতারা সংসদের সামনে অবস্থান করবেন এবং দেখতে চান সংসদে কারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেন।

তিনি দাবি জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং শহীদ ও আহতদের বিচার বাস্তবায়ন করতে হবে।

আসিফ বলেন, ‘বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদের জামিন দেওয়া হচ্ছে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন শহীদ পরিবার এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েমের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং সংসদ প্রতিনিধিরা সোচ্চার থাকেন।

আরও পড়ুন