সংসদে ‘ওয়াকআউট’ কী? কেন রাজনৈতিক দলগুলো তা করে?

সংসদে ‘ওয়াকআউট’ কী? কেন রাজনৈতিক দলগুলো তা করে?

সংসদ মানেই বিতর্ক, যুক্তি আর ভোটাভুটি। তবে কখনো কখনো বিরোধী দলের সদস্যরা একযোগে সংসদ কক্ষ ত্যাগ করেন, যা পার্লামেন্টারি ওয়াকআউট হিসেবে পরিচিত। এটি প্রতিবাদের একটি বিশেষ সংসদীয় কৌশল, যার মাধ্যমে কোনো সিদ্ধান্ত, বিল বা বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দেওয়া হয়।

বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক সংসদে ওয়াকআউট দেখা যায়; কখনো এটি হয় প্রতীকী প্রতিবাদ হিসেবে, আবার কখনো পুরো অধিবেশন বর্জনের রূপ নেয়। ওয়াকআউট হলো সংসদে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে সভাকক্ষ ত্যাগ করা, যা সাধারণত বিরোধী দল ব্যবহার করে। এর মাধ্যমে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ, সংসদের কার্যপ্রণালীর সমালোচনা বা জনমত তৈরি করা হয়।

সংসদীয় বিশেষজ্ঞদের মতে, ওয়াকআউট একটি রাজনৈতিক সংকেত। এর মাধ্যমে বিরোধীরা তাদের অবস্থান স্পষ্ট করে দেয়, যদিও সংসদের কার্যক্রম সবসময় বন্ধ হয় না। কখনও কখনও, যদি অনেক সদস্য একসাথে বেরিয়ে যান, তবে উপস্থিত সদস্যসংখ্যা কমে গিয়ে কোরাম ভেঙে যেতে পারে, ফলে ভোট বা সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়।

জাতীয় সংসদে বিরোধী দল বহুবার ওয়াকআউট করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের সময়ও বিরোধী দল ওয়াকআউট করে। ভারতীয় পার্লামেন্টে ওয়াকআউট একটি নিয়মিত রাজনৈতিক কৌশল। বিরোধী দল বিতর্কিত বিল, তদন্ত দাবি বা রাজনৈতিক ইস্যুর প্রতিবাদে লোকসভা কিংবা রাজ্যসভা থেকে বেরিয়ে যায়। পাকিস্তানেও বিরোধী দল সরকারের নীতি বা অর্থনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে ওয়াকআউট করে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলনামূলকভাবে কম হলেও রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে কক্ষ ত্যাগের নজির রয়েছে। ইউএস কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায়ও ওয়াকআউট হয়েছে। বিরোধীরা কখনও কখনও কোরাম ভেঙে দিতে দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিত থেকেছেন।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনসভায় বিরোধী সদস্যরা একটি শ্রম আইন ঠেকাতে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান, যাতে কোরাম না হয়। ভারতে অনেক সময় বিরোধী সদস্যরা ওয়াকআউট করার আগে স্লোগান দেন ও পোস্টার দেখান। এ ধরনের ঘটনা সংসদের ভেতরে নাটকীয় রাজনৈতিক দৃশ্য তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক প্রতিবাদের স্বীকৃত পদ্ধতি হলেও এর সমালোচনাও রয়েছে। অতিরিক্ত ওয়াকআউট সংসদীয় আলোচনাকে দুর্বল করে এবং সংসদের মূল কাজ হলো বিতর্ক ও মতবিনিময়ের মাধ্যমে সমাধান খোঁজা। তবে অন্যরা মনে করেন, বিরোধীদের কথা বলার সুযোগ কমে গেলে ওয়াকআউটই তাদের শেষ রাজনৈতিক ভাষা হয়ে ওঠে।

আরও পড়ুন