ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রথমবারের মতো বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের জন্য প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টিভিতে তার বক্তব্য প্রচারিত হয়। তিনি ইরানিদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে উল্লেখ করেন।
মোজতবা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আরব দেশগুলোর সঙ্গে বন্ধুত্বকে তিনি বিশ্বাস করেন, তবে মার্কিন ঘাঁটিগুলো থাকলে হামলা অব্যাহত থাকবে।
তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী নিয়ে কথাও বলেন এবং হুতিদের ‘তাদের কাজ করবে’ বলে উল্লেখ করেন। ইরাকের পক্ষ থেকে ইরানকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়, যেখানে মোজতবার বাবা সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, তার মা, স্ত্রী এবং এক সন্তান নিহত হন। তবে মোজতবা খামেনি বেঁচে যান।
