চাঁপাইনবাবগঞ্জ শহরে গত কয়েক দিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, যা বৃহস্পতিবার (১২ মার্চ) তীব্র আকার ধারণ করেছে। এই সংকটের কারণে বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রাহকরা অভিযোগ করছেন যে, এটি একটি কৃত্রিম সংকট, তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে যে, সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে দেখা গেছে, বিশ্বরোড মোড়ের মের্সাস হোসেন ফিলিং স্টেশন ও মহনন্দা বাস কাউন্টার এলাকায় অবস্থিত এমদাদ ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ অন্যান্য উপজেলার বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল সরবরাহ নেই, ফলে তেল বিক্রি বন্ধ রয়েছে।
তেল নিতে আসা পলাশ জানান, ইফতারের পূর্ব মূহুর্তে অনেকক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, “আমরা পেশাজীবী এবং মোটরসাইকেলই আমাদের চলার একমাত্র বাহন। তাই তেলের জন্য বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হোক।”
আরেক মোটরসাইকেল আরোহী সাফি বলেন, “শহরের পেট্রোল পাম্পগুলোতে ২০০, আবার কোথাও ১০০ টাকার তেল দিচ্ছে এবং কিছু পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত এবং প্রশাসনের বিষয়গুলো নজরে নেওয়া উচিত।”
মের্সাস এমদাদুল পেট্রোল পাম্পের ম্যানেজার শামসুল আলম বলেন, “আগে ডিপো থেকে ইচ্ছামতো তেল পাওয়া যেত, এখন ডিপো থেকে আমাদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। গ্রাহকরা প্রায় প্রতিদিনই তেল নিতে আসছেন।”
মের্সাস হোসেন পেট্রোল পাম্পের মালিক জাহাঙ্গীর জানান, “গতকাল সন্ধ্যায় পেট্রোল ও অক্টেন তিন হাজার লিটার করে পেয়েছি এবং ডিজেল সাড়ে চার হাজার লিটার পেয়েছিলাম, যা চাহিদার তুলনায় অনেক কম। মাত্র দুই ঘণ্টার মধ্যে ডিজেল বিক্রি হয়ে গেছে।”
