বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ সহ ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো উপস্থাপন করেন। সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে যেকোনো অধ্যাদেশ উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হয়, অন্যথায় সেগুলোর আইনি বৈধতা থাকে না।
অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এই কমিটি বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।
জাতীয় সংসদ সচিবালয় ১৩৩টি অধ্যাদেশের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; এবং সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
