‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার অবশেষে প্রকাশিত হয়েছে।

দেড় মিনিটের এই ‘ঝলক’ সামাজিক মাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শাকিব খান ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন। টিজার প্রকাশের পর অনেকেই শাকিব খানের গ্যাংস্টার লুক পছন্দ করেছেন, তবে ভিএফএক্স এবং বিজিএম নিয়ে আলোচনা-সমালোচনা করেছেন কেউ কেউ।

টিজারের শুরুতে একটি শহরের ড্রোন শট দেখা যায়। এরপর পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’

এই সংলাপ থেকেই সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছে। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে।

শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকেই।

আরও পড়ুন