শৈলকুপায় ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৪৫

শৈলকুপায় ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৪৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঈদুল ফিতরের আগে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ কার্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে যুবদল নেতা শামীম হোসেন লস্কর একটি কার্ড চাইলে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মণ্ডলের সঙ্গে তার তর্ক হয়। সন্ধ্যায় স্থানীয় মাতব্বররা বিষয়টি মীমাংসার জন্য সালিশে বসেন।

এ সময় সায়েম ও শামীমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি হুমায়ুন কবির বলেন, ‘বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ তিনি জানান, আহতদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মির্জাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে এবং বিতরণের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘পরে যা ঘটেছে তা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’

এদিকে, যুবদল নেতা শামীম অভিযোগ করেন, সায়েম মণ্ডলের কাছে একাধিক ভিজিএফ কার্ড ছিল এবং তিনি তার সমর্থকদের জন্য কিছু কার্ড চাইলে সায়েম তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে সায়েম মণ্ডল দাবি করেন, নিয়ম অনুযায়ী কার্ড বিতরণ করা হয়েছে এবং শামীম যুবদলের সঙ্গে জড়িত।

আরও পড়ুন