ট্রাকের ধাক্কায় আইনজীবী নিহত

ট্রাকের ধাক্কায় আইনজীবী নিহত

চট্টগ্রামে উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কাওসার। ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে কর্ণফুলী উপজেলায় তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন