পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, জনগণের স্বার্থে এবং এলাকাবাসীর স্বার্থে তিনি কোনো আত্মীয়স্বজন বা নেতাকর্মীকে চেনেন না।
শুক্রবার (১৩ মার্চ) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলের আগে তিনি বলেন, তার সবচেয়ে বড় আপনজন হলো এলাকার সাধারণ মানুষ। জনগণের সেবা করতে হলে পরিবার ও নেতাকর্মীদের সব কিছু ত্যাগ করতে হবে।
শামা ওবায়েদ বলেন, নগরকান্দাবাসী ও সালথাবাসী তাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালন করতে হলে সকল অপকর্ম থেকে বিরত থাকতে হবে। তিনি জানান, ইতোমধ্যে তিনি একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে যেন তার নাম ব্যবহার করে কেউ অন্যায় কাজের চেষ্টা করলে তা প্রশ্রয় না দেওয়া হয়।
তিনি আরও বলেন, ১৭ বছরের সংগ্রামের পর গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ এখন কার্যকর হয়েছে এবং এটি বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
