প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তায় এতিম জান্নাতীর চিকিৎসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তায় এতিম জান্নাতীর চিকিৎসা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এতিম ও অসুস্থ কিশোরী জান্নাতীর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভিডিওটিতে জান্নাতী বলছেন, ‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেউ নেই।’ ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এরপর শুক্রবার (১৩ মার্চ) সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জান্নাতীর খোঁজখবর নেন।

প্রতিনিধি দলটি জান্নাতীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে তার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।

জান্নাতী মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতজনিত সমস্যায় ভুগছেন, ফলে তার শরীরের অধিকাংশ অংশ অবশ হয়ে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জান্নাতী সাধারণ মানুষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানান। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে জান্নাতীর চিকিৎসায় সহায়তা প্রদান করে।

আরও পড়ুন