ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের হেলিপ্যাডে হামলা হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এপির বরাতে আজ শনিবার আল জাজিরা জানায়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দূতাবাস কমপ্লেক্সের হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা এএফপি সূত্রের বরাতে জানানো হয়েছে যে, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে। এএফপি একাধিক সূত্রের মাধ্যমে জানায়, ইরাকের রাজধানীতে হামলায় দুই ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলার ঘটনা ঘটেছে।
বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ‘গ্রিন জোনের’ ভেতরে অবস্থিত এই বিশাল দূতাবাস কমপ্লেক্সটি এর আগেও ইরানপন্থী মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বাগদাদের মার্কিন দূতাবাস থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার, দূতাবাস ইরাকের জন্য তাদের ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা পুনর্বহাল করে। এতে সতর্ক করে বলা হয়, ইরান এবং ইরান-পন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং তারা ‘এসব লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত রাখতে পারে’।
