আগামীকাল রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
১১ দল আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে যাবে।
শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, জুলাই সনদে যেভাবে বলা আছে, সে অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আগামীকালই সরকারের জন্য শেষ দিন। অবিলম্বে সরকারের অধিবেশন ডাকার ব্যবস্থা নিতে হবে।
আযাদ বলেন, যদি সরকার অধিবেশন না ডেকে, তাহলে জাতির কাছে ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এই দায়িত্ব নিতে হবে। জনগণের প্রতি সরকারের অবহেলা ও অপমানের দায় নিতে হবে।
তিনি আরও বলেন, আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতাদের বৈঠক ডেকে কর্মসূচি দেব।
