বিএনপি সরকার ভোটের কালি নখ থেকে মোছার আগেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ফ্যামিলি কার্ডের কার্যক্রম চালু করা হয়েছে এবং আগামী ১ বৈশাখ থেকে কৃষক কার্ড চালু হবে। এছাড়া, আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হবে।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ ও তাদের সহায়ক শক্তির দ্বারা মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না।
তিনি বলেন, “যদি নাগরিকদের দুর্বল রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না।” তিনি ধর্মীয় নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় বিধি অনুযায়ী শিক্ষা ও অভিজ্ঞতা জনগণের কল্যাণে কাজে লাগানো জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনযাত্রা উন্নত করে, তবে মানবিক গুণাবলি অর্জন করাও জরুরি।
এদিকে, সুবিধাভোগী ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ধর্মীয় বিধি-নিষেধের কারণে সরকারি ভাতা গ্রহণে অস্বীকৃতি জানান খ্রিষ্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার যাজকরা।
