ট্রাম্প: ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে

ট্রাম্প: ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে

গত দু’সপ্তাহ ধরে চলা যুদ্ধে মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিড-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মার্কিন বাহিনী যে কী পরিমাণ অগ্রগতি দেখিয়েছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।”

তিনি আরও বলেন, “এবং শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বেশি আঘাত করছি যতটা কেউ করেনি।”

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধ আর কতদিন চলতে পারে। এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ট্রাম্প। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অভাব নেই।

তিনি যোগ করেন, “আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সামনের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যপ্তি— উভয়েই বাড়বে।”

সূত্র: এএফপি

আরও পড়ুন