উত্তর কোরিয়া জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে, যা জানিয়েছে জাপানের কোস্টগার্ড বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরানোর পরিকল্পনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। গত দু’দশক ধরে পিয়ংইয়ং জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরিয়া প্রণালীতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। ২০০৬ সালে উত্তর কোরিয়ার এই কার্যকলাপের কারণে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে পিয়ংইয়ংকে দমানো সম্ভব হয়নি।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ বছর আগে যুক্তরাষ্ট্র থাড মোতায়েন করেছিল, কিন্তু সম্প্রতি জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে থাডকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সিউল খুশি নয়।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং-এ এই প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে কিম জং উন জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশ দেন।
সূত্র: রয়টার্স
