খুলনা সহ ১৫ জেলায় পাম্প ও ট্যাংক লরিতে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশন মালিকেরা। শনিবার সকাল আটটা থেকে খুলনা বিভাগের ১০ জেলা ও ফরিদপুরসহ মোট ১৫ জেলায় নতুন করে তেল ওঠানো হচ্ছে না।
সরকারি ডিপো থেকে চাহিদামতো জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা নগরের অন্তত তিনটি পাম্পে তেল বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ডিপো থেকে অর্ধেকেরও কম তেল সরবরাহ করা হচ্ছে।
যদি কোনো পাম্পে ১০ হাজার লিটারের চাহিদা থাকে, তবে সরবরাহ করা হচ্ছে মাত্র দুই হাজার লিটার। ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ পিন্টু জানান, তারা প্রায় ১০ দিন ধরে তেল সংকটে আছেন।
তিনি আরও বলেন, ‘ডিপো থেকে আমাদের এজেন্সিগুলোকে অন্তত দুই লাখ লিটার তেল দেওয়া হোক। আমরা ঈদের আগের বাজার ধরতে চাইছিলাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না।’
রাজশাহীতেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাম্প ও ট্যাংক লরি মালিকেরা আগামী সোমবার থেকে তেল সংগ্রহ বন্ধের হুমকি দিয়েছেন। রাজশাহী জেলা পেট্রলপাম্প ও ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান শিমুল জানান, নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে দুই সংকটেই তারা রয়েছেন।
অন্যদিকে, সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রায় গণপরিবহনে তেলের সংকট হবে না এবং ১৫ মার্চ থেকে জ্বালানি রেশনিংয়ের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
