ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করে সরকার গঠন করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন, ১২ ফেব্রুয়ারির এ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে।
তিনি আরও উল্লেখ করেন, ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, শেখ হাসিনা তা ভূলুণ্ঠিত করেছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আবারও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তথ্যমন্ত্রী জানান, কিছু মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, যা জাতির জন্য উদ্বেগের বিষয়। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
