ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তা দিয়েছেন, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করার পরামর্শ দিচ্ছি।’ তিনি আরও উল্লেখ করেন, চলমান যুদ্ধের প্রেক্ষিতে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে এবং তারা যদি তা দিতে অস্বীকার করে, তবে ইরান তাদের সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায় করবে।
খামেনি জনগণের সহযোগিতা চেয়ে বলেন, ‘যদি আপনাদের শক্তি মাঠে উপস্থিত না থাকে, তবে নেতৃত্ব কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কার্যকরভাবে কাজ করতে পারবে না।’
প্রতিবেশী দেশগুলোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ১৫টি প্রতিবেশী দেশের সঙ্গে স্থল বা সমুদ্রসীমা রয়েছে এবং আমরা সবসময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।’ তবে তিনি সতর্ক করেন, যদি শত্রুরা তাদের ঘাঁটিগুলো বন্ধ না করে, তবে ইরান তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।
তিনি শেষ করে বলেন, ‘এসব দেশকে আমাদের মাতৃভূমির উপর আক্রমণকারী এবং আমাদের জনগণের হত্যাকারীদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।’ তিনি দ্রুত ওই ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন এবং বলেন, ‘আমেরিকার নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার দাবি একটি মিথ্যা।’
