গত ১১ মার্চ দৈনিক যুগান্তরে ‘চরফ্যাশনে বাবুরহাট লঞ্চঘাটে ড্রেজার দিয়ে বালু উত্তোলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বাবুরহাট লঞ্চঘাট ও বকশী লঞ্চঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এ অভিযান অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে এমাদুল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ড্রেজার পাওয়া যায়নি, তবে স্থানীয়রা জানান, কিছু ব্যক্তি রাতে ও ভোরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে।
তিনি আরও বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিলামকৃত বালু বিক্রি ও পরিবহণ করা হচ্ছে, যা আইনত বৈধ।
অভিযানকালে স্থানীয়দের ভবিষ্যতে কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে দ্রুত প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয় এবং বালু ব্যবসায়ীদের বৈধ রশিদ সংরক্ষণে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ সময় দক্ষিণ আইচা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। উল্লেখ্য, এর আগে বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদী তলদেশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং নদী রক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়ছে, যাতে নজরুলনগর ও মুজিবনগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদী ভাঙনের আশঙ্কায় উদ্বেগে রয়েছেন।
