ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করেছে বিএসসিএল

ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করেছে বিএসসিএল

প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। যাত্রীরা এখন ট্রেনের ভেতরেই স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন।

সরকারের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সরকার দেশের কানেক্টিভিটি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে।

বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক কার্যক্রম পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বুধবার দুই দফা পরিদর্শন করেন। তিনি জানান, এখন থেকে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান বলেন, চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর ফলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে।

আরও পড়ুন