স্কুলে ভর্তিতে লটারি প্রথা পর্যালোচনার পর সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তিতে লটারি প্রথা পর্যালোচনার পর সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা পর্যালোচনা এবং জনমত যাচাইয়ের পর ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ রোববার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আলোচনাকালে এমপি হাসনাত আবদুল্লাহ মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বদলে লটারি প্রথার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই পরিবর্তনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান কমে গেছে এবং মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাধা তৈরি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ জানতে চান, মেধাভিত্তিক ভর্তি ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তিনি লটারি প্রথাকে যৌক্তিক পদ্ধতি মনে করেন না। ঢাকা শহরের মতো জনবহুল এলাকাগুলোতে ভর্তি জটিলতা নিরসনে পূর্ববর্তী সরকার এই পদ্ধতি চালু করেছিল।

মন্ত্রী আরও উল্লেখ করেন, গ্রামাঞ্চলের পরিস্থিতি ভিন্ন, যেখানে ভর্তির জন্য প্রতিযোগিতা অনেক কম। ফলে বড় শহরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তিসংক্রান্ত সমস্যা সাধারণত ততটা প্রকট নয়।

আরও পড়ুন