সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন নেবে সরকার।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন আবেদন আহ্বান করা হবে এবং পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। সংসদ অধিবেশনটি বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়।
