নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবে ৯ জন হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই দিন ধার্য করা হয়। মামলায় আসামিদের মধ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী অন্তর্ভুক্ত আছেন।

চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন, তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদেরকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২৯ জানুয়ারি আসামিদের হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নির্ধারিত তারিখে তারা হাজির না হওয়ায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রসিকিউশন তিনটি অভিযোগ আনছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, নানক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করে ছাত্র-জনতাকে দমনের নির্দেশনা প্রদান করতেন। এছাড়া, ডিএমপির কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে আন্দোলনকারীদের দমনে নির্দেশনা দেয়া হয়েছে।

দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়, যার ফলে রিকশা চালক মো. মাহিন মিয়া ও রনি নিহত হন এবং অনেক ছাত্র গুরুতর আহত হন।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানায় আল শাহরিয়ার হোসেন ওরফে রোকনসহ ৬ জনকে গুলি করে হত্যা এবং নাহিদ হাসানসহ অন্তত ৮ জনকে গুরুতর আহত করা হয়। এসব ঘটনার জন্য আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দেবেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন