শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডের’ বিশৃঙ্খলা বন্ধের জন্য পদক্ষেপ নিতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে এসব তথ্য পাঠাতে হবে।
রোববার (১৫ মার্চ) মাউশির পক্ষ থেকে এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। চিঠিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় মাদকবিরোধী প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অগ্রগতির তথ্য ৩০ মার্চের মধ্যে পাঠাতে হবে। আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের প্রতিবেদন সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।
