পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় বন্দরের অভিবাসনচৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ব্যবসায়ীদের আলোচনা অনুযায়ী ১১ দিন আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম স্থগিত থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, এই সিদ্ধান্তটি শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে। ২৮ মার্চ থেকে সকল কার্যক্রম পুনরায় চালু হবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, তাঁরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পেয়েছেন, তবে ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন জানান, কাস্টমসের অভ্যন্তীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
