যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশাচালককে হত্যা করে তার রিকশাটি নিয়ে গেছে ছিনতাইকারিরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর (৪০) চাঁচড়া বড় মাদরাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি বর্তমানে ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, তাকে হত্যার পর তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আলী হাসান জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
