গতকাল (রোববার) বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হলেন হোয়ান লাপোর্তা, ৬৮ শতাংশ ভোট পেয়ে ভিক্তর ফন্তকে হারিয়ে তিনি এ পদে ফিরেছেন। ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবের নেতৃত্বে থাকবেন লাপোর্তা।
২০২১ সালের নির্বাচনে তিনি ফন্তকে পরাজিত করেছিলেন। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে পদত্যাগের পর আগামী জুলাইয়ে পুনরায় তার পূর্বের পদে বসার কথা রয়েছে।
বার্সা ক্লাবের সদস্যদের মধ্যে ৪২ শতাংশ ভোট দিয়েছেন, মোট ৪৮,৪৮০টি ভোট পড়েছে। লাপোর্তার পক্ষে ৩৬,১১৭টি ভোট পড়েছে, যা ৬৮ শতাংশ। পরাজিত ফন্ত ২৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন এবং বলেন, ‘আমরা দুঃখিত। আমরা সত্যিই আশাবাদী ছিলাম, কিন্তু দুঃখজনক ঘটনা ঘটল। আমরা লাপোর্তাকে অভিনন্দন জানাই।’
লাপোর্তা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবের নেতৃত্ব দিয়েছিলেন, ওই সময় বার্সার স্বর্ণালী যুগ ছিল এবং ২০০৯ সালে পেপ গার্দিওলার দলের ট্রেবল জয়ের সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০২১ সালের নির্বাচনে মেসিকে ক্লাবে রেখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয় লাভ করেছিলেন, তবে তা বাস্তবায়ন করতে পারেননি।
বরখাস্ত হওয়া সাবেক কোচ জাভি হার্নান্দেজ অভিযোগ করেন যে, মেসির ফেরার পথ ভালোভাবে প্রস্তুত ছিল, কিন্তু লাপোর্তা বাধা হয়ে দাঁড়ান। এ কারণে মেসিকে পিএসজি ছাড়ার পর ইন্টার মায়ামিতে যেতে হয়েছে। তবে এসব অভিযোগ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি।
