ইরানের ড্রোন তৈরির কারখানায় যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সেইসব স্থাপনায় হামলা চালাচ্ছে যেখানে ড্রোন তৈরি করা হয়, যেসব ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও ইসরাইলের ওপর হামলা চালানো হচ্ছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের হাতে এখন খুব কম সামরিক শক্তি বাকি আছে। আমরা তাদের উৎপাদন সক্ষমতা অনেকটাই ধ্বংস করে দিয়েছি।’
ট্রাম্প আরও বলেন, ‘ড্রোনের সংখ্যাও অনেক কমে গেছে—তাদের আগের সক্ষমতার প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। গতকাল থেকেই আমরা সেইসব জায়গায় হামলা চালাচ্ছি যেখানে এসব ড্রোন তৈরি করা হয়।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ।
