হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ মার্চ) অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর জানিয়েছেন, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের কৃষক মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন সকালে পটলের জমিতে কাজ করতে গিয়ে নিহত হন। এ ঘটনায় মোবারক হোসেনের স্ত্রী রানী বেগম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুন নামে এক নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুন হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করেন।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ প্রায় ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন।

রায়ে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণায় বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরও পড়ুন