পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

পারমাণবিক অস্ত্রে ঝুঁকতে পারে ইসরাইল

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং ইরানের পাল্টা পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দখলদার ইসরাইল বর্তমানে ‘সবচেয়ে ভারী হামলার’ মুখে পড়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, যদি যুদ্ধ আরও দীর্ঘ হয়, তাহলে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঝুঁকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স সম্প্রতি অল-ইন পডকাস্টে বলেছিলেন, নিজেদের অস্তিত্বের সংকটে পড়লে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তিনি উল্লেখ করেন, ‘ইসরাইল বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।’ স্যাক্স ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন এবং জানান যে, পূর্ববর্তী সংঘাতে ইরান বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করলেও এবারের যুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বেশি প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে স্যাক্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করার মাধ্যমে তার প্রধান লক্ষ্য অর্জন করেছে। তিনি মন্তব্য করেন, ‘এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়।’ যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

স্যাক্স সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে। অন্যদিকে, ইসরাইলি গণমাধ্যম জানায়, তেল আবিব কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে। ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামিরের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময় অভিযান শেষ করার সম্ভাবনা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে, সংঘাত শুরুর আগে যে ধারণা করা হয়েছিল তার তুলনায় এখন ইরানের ক্ষমতাসীন ব্যবস্থাকে উৎখাত করার সম্ভাবনা অনেক কম।

আরও পড়ুন