২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি, এই দলের কাজ হচ্ছে এমন কাজ করা যা করলে মানুষের উপকার হবে এবং মানুষ খুশি হবে।
প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খাল খননের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারলে তার ফলাফল কেমন হবে এ বিষয়েও বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ হবে, তখন প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবে। প্রায় ১২০০ হেক্টর জমি এই খালের পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে, তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে। খাল খনন কেন জরুরি এ বিষয়ে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গিয়েছে। বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না, কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই।
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যে পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যে মাসে ৫ হাজার টাকা আয় করছে, আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছাক। তাকে ইনকাম ডবল করার জন্য পদক্ষেপ নিতে হবে। এটাই হচ্ছে বিএনপি সরকারের রাজনীতির লক্ষ্য।
