রাজনৈতিক ঝড় পেরিয়ে ফিরছেন কি সাকিব আল হাসান?

রাজনৈতিক ঝড় পেরিয়ে ফিরছেন কি সাকিব আল হাসান?

রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একপ্রকার ‘বনবাসে’ গেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সিরিজে তার ফেরার কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে, তা দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি আশা করছি, কিছুদিনের মধ্যে সাকিব দেশে ফিরে আসবে।’

সাকিব ১৬ মাস ধরে বাংলাদেশ দলের জন্য খেলতে পারেননি, তবে তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।

কয়েকদিন আগে নিউইয়র্কে এক ইফতার পার্টিতে গিয়ে সাকিব জানান, তিনি শিগগিরই দেশে ফিরছেন। ফাহিম বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরার বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমি আশাবাদী যে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।’

এদিকে, আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাহিম সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রসঙ্গে বলেন, ‘সাকিবের দলে খেলা এবং কতদিন খেলবে, সেই বিষয়গুলো নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

আরও পড়ুন