সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধের ঘোষণা রুহুল কুদ্দুসের

সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধের ঘোষণা রুহুল কুদ্দুসের

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি হতে দেওয়া হবে না। তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

দুলু বলেন, “আমি কখনো ভাবিনি এই ৩২-৩৩ হাজার ভোটের ব্যবধানে আমি জয়লাভ করবো। আমার ভোটের সংখ্যা যখন কমে গেছে, তখন মনে করেছি, আমার দলের নাম দিয়ে কিংবা আমার নাম দিয়ে নাটোরে অন্যায় অবিচার হয়েছে।”

তিনি সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “নাটোরে জমিদখল, পুকুর দখল, বিচার সালিশের নামে মানুষের টাকা খাওয়া এবং ভয়ভীতি দেখানোর মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

দুলু প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে বলেন, “অন্যায়কারী আমার দলের লোক হোক বা আমার পরিবারের সদস্য, আমি জীবনে কখনো অন্যের কাছে মাথা নত করি না।” তিনি আগামী পাঁচ বছর নাটোরের মানুষের দায়িত্ব নিতে চান এবং উল্লেখ করেন, “নাটোরে কোনো মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদখল কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে না।”

সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন