ভিজিএফের চাল কম দেয়ার নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভিজিএফের চাল কম দেয়ার নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞ্জাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম ফকির।

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত শুক্রবার (১৩ মার্চ) নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। ফলে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি।

সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে এবং এ সংক্রান্ত সকল ডকুমেন্টস তার কাছে রয়েছে।

এদিকে, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানিয়েছেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন এবং তা গ্রহণও করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন