সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি জানিয়েছেন, এবারের ঈদে পরিবহনে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত এক টাকাও নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে ২০ থেকে ৩০ টাকা কম নেওয়া হচ্ছে। কেউ যদি অভিযোগ করেন, নির্দিষ্ট করে জানান তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার বিকেল ৩টায় (১৭ মার্চ) পটুয়াখালীর দুমকি উপজেলার নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, এবারের ঈদে সড়কে যানজটমুক্ত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে। ফলে যাত্রীদের ভোগান্তি ছাড়াই চলাচল সম্ভব হচ্ছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষীপাশা এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মধ্যবর্তী পান্ডব-পায়রা নদীর ওপর নির্মাণাধীন নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পটি ২০২১ সালে একনেক সভায় অনুমোদন পায়। প্রায় পাঁচ বছর পর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আধুনিক ডিজাইন ও হেলথ মনিটরিং সিস্টেম সম্বলিত এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩ কোটি টাকা। ওপেক ফান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন এমপি। আলতাফ হোসেন চৌধুরী বলেন, “সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের প্রায় ২৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।” প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “সেতুটি চালু হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
