টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর যুবদল নেতা ইউসুফ খান (৩২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ পাওয়া যায়।
ইউসুফ খান ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাতিজা নীরব খান জানান, ইউসুফ শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে গিয়েছিলেন এবং এরপর থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনার পর ইউসুফের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের তথ্যের ভিত্তিতে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফের হত্যা হতে পারে, কারণ শনিবার হানিফের একটি গাছ ভেঙে যাওয়ার পর ইউসুফের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়েছিল।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে।
