বিএনপির স্বৈরাচারী পথে যাওয়ার অভিযোগ সারজিস আলমের

বিএনপির স্বৈরাচারী পথে যাওয়ার অভিযোগ সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিএনপি এখন ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, বিএনপি এতদিন গণতন্ত্রের বড় বড় লেকচার দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি মাত্র সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের সময় তারা বলেছিল- এর মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এখন তারা নির্বাচিত সরকার হয়ে প্রতিটি জায়গায় প্রশাসক নিয়োগ শুরু করেছে। এই দ্বিচারিতা জনগণের কাছে স্পষ্ট।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পরাজিত নেতাকর্মীদের প্রশাসক হিসেবে বসিয়ে বিএনপি সব সুযোগ-সুবিধা দলীয় লোকদের মাঝে বিলিয়ে দিচ্ছে। সারজিস আলমের মতে, যাকে আজ উপজেলা প্রশাসক বানানো হচ্ছে, তাকেই আগামী নির্বাচনে জয়ী করার ‘নীলনকশা’ সাজানো হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, যদি তারা প্রশাসক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তবে মনে রাখতে হবে—বাংলাদেশে কোনো স্বৈরাচার স্থায়ী হতে পারেনি, আগামীতেও পারবে না। গণভোট প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি জনগণের এই বিশাল ম্যান্ডেট ও জুলাই সনদ বাস্তবায়নের চাওয়া ভুলে গিয়ে সংবিধানের দোহাই দেয়, তবে আমরা মনে করব তারা আবারও আগের মতো ক্ষমতা কুক্ষিগ্রস্ত করতে চাচ্ছে।

বক্তব্যের শেষপর্যায়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্র জনগণের জন্য। সংবিধান অনুযায়ী জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবার বাংলাদেশের মানুষ আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে দেবে না।

এ সময় ঠাকুরগাঁও জেলা এনসিপির সদস্য সচিব খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন