সিরাজগঞ্জ মহাসড়কে রাতেও স্বাভাবিক যান চলাচল

সিরাজগঞ্জ মহাসড়কে রাতেও স্বাভাবিক যান চলাচল

ঈদুল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১ টা পর্যন্ত মহাসড়কের কোথাও উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি।

যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দিনভর যানবাহনের চাপ থাকলেও রাতের বেলায় কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি।

সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় রাতের বেলায় যানবাহনের চাপ থাকলেও তা স্বাভাবিক গতিতে চলেছে। কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জ জেলা পুলিশ যাত্রী ও চালকদের সতর্কতার সাথে যানবাহন চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে, তবে সিরাজগঞ্জের মহাসড়কে কোথাও যানজট নেই।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের জন্য সিরাজগঞ্জ মহাসড়ক ও যমুনা সেতুর পশ্চিম অংশ অন্যতম প্রধান সড়ক। বিকল্প পথের অভাবে ঈদের সময় এ সড়কে চাপ বাড়ে, তবে এবার এখন পর্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন