ইরান থেকে ২০০ বাংলাদেশির দেশে ফেরার অপেক্ষায় আজারবাইজান সীমান্তে

ইরান থেকে ২০০ বাংলাদেশির দেশে ফেরার অপেক্ষায় আজারবাইজান সীমান্তে

ইরানে বসবাসরত প্রায় দুই শতাধিক বাংলাদেশি আজারবাইজান সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ইরানের বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশিরা দেশে ফিরতে আস্তারা সীমান্তে অপেক্ষা করছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাস তাদের স্বদেশে ফেরাতে এই আয়োজন করেছে।

দূতাবাসের প্রধান এইচ এম বনান জানিয়েছেন, বুধবার বিকেলে দুই শতাধিক বাংলাদেশিকে নিয়ে ৯টি বাসে করে ইরানের পার্শ্ববর্তী দেশ আজারবাইজানের সীমান্তের দিকে রওনা হয়েছেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাও যাত্রীদের সঙ্গে রয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আজারবাইজানের বাকু বিমানবন্দরে যাত্রীদের নিয়ে যাবার জন্য ৬টি গাড়ি প্রস্তুত থাকলেও ইমিগ্রেশনের কাজ সারতে সময় লেগে যাচ্ছে। বুধবার ইরানের উত্তরাঞ্চলীয় বন্দর আঞ্জালিতে মার্কিন-ইসরাইলি হামলার ঘটনায় সীমান্ত বন্ধ হয়ে যাওয়া এবং অফিস সময়ের মধ্যে গাড়ি সীমান্তে না পৌঁছানো এই বিলম্বের কারণ।

ইরান-আজারবাইজানের আস্তারা সীমান্ত আঞ্জালির কাছেই অবস্থিত। বিকাল ৫টায় ফ্লাইট হওয়ার কথা থাকলেও ইমিগ্রেশনে দেরি হওয়ায় সময় পিছিয়ে সন্ধ্যা ৭টায় পরিবর্তন করা হয়েছে। অপেক্ষমান যাত্রীরা সংশয় প্রকাশ করেছেন যে ওই সময়ের মধ্যেও বিমানবন্দরে পৌঁছানো যাবে কিনা। সীমান্ত থেকে বিমানবন্দরে পৌঁছাতে কমপক্ষে চার ঘণ্টা লাগতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন