ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ঈদুল ফিতরের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ঈদের আগের দিন থেকে পরবর্তী তিন দিন বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

বিডব্লিউওটি বলেছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ঈদগাহ বা খোলা ময়দানে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে।

সংস্থাটি জানায়, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী হয়ে সকালের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। এছাড়া বিকেলে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে ঈদের দিন দেশের আবহাওয়া দীর্ঘ সময় বৈরী থাকার আশঙ্কা রয়েছে।

ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকেই আবহাওয়া পাল্টে যেতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদের পরের দিন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় কিছু বিভাগে বৃষ্টির প্রবণতা থাকলেও দিনের বেলা দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে বিডব্লিউওটি জানিয়েছে।

আরও পড়ুন