বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫)।

রোববার সকালে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাফায়েত ও সবুজকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে।

আরও পড়ুন