নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে নববধূ ঝুমা আক্তারের (১৯) মৃত্যুতে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝুমার পরিবারের অভিযোগ, স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

ঝুমা পারিবারিকভাবে এক মাস ১৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর ঘরে পা রেখেছিলেন। গত ১৯ মার্চ দুপুরে আমান বাজার এলাকার একটি বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃতের পিতা মো. শাহাআলম রোববার হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ঝুমার স্বামী মো. নেওয়াজ শরীফ প্রকাশ বাবু (৩১) গ্রেফতার হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঝুমার স্বামীর পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি ওয়াশরুমের ভেন্টিলেশনের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঝুমার পরিবার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তার স্বামীর সঙ্গে এক মেয়ের পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঝুমার বড় ভাই তৌহিদুল আলম বলেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি। তাকে তার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করে হত্যা করেছে।’ তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঝুমার বড় বোন শামীমা আক্তার রুমি জানান, বিয়ের পর থেকে ঝুমার স্বামী স্বাভাবিক আচরণ করেনি। গত ৬ ফেব্রুয়ারি ঝুমা তাকে একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছিল, যাতে তার স্বামীকে অন্য এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে শোনা গেছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘নববধূর পিতা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন