গড়াই সেতু উদ্বোধনের সময়সীমা নির্ধারণ, আর্থিক শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে

গড়াই সেতু উদ্বোধনের সময়সীমা নির্ধারণ, আর্থিক শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। রোববার রাজবাড়ী পাংশা ও ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর উপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো, কিন্তু সেগুলোর শেষ হওয়ার সীমা নির্ধারণ ছিল না, যার ফলে ব্যয় বৃদ্ধি পেত। গড়াই সেতুর কাজ ২০২০ সালে শুরু হলেও ২০২৬ সালে এসেও শেষ হয়নি, অথচ এটি ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তিনি বলেন, সারাদেশে পতিত সরকার প্রকল্প ব্যয় বৃদ্ধি করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, এবং সেখান থেকে মুক্তি পেতে সঠিক সময়ে প্রকল্প শেষ করতে কাজ চলছে।

আইন মন্ত্রী ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান বলেন, ঠিকাদার ও প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেতুর কাজ ৭০ ভাগ শেষ হয়েছে, তাই আগামী ৭ নভেম্বর এ সেতু উদ্বোধন করা সম্ভব হবে।

এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা এবং বিএনপি নেতা ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন